উই নিয়ে আইসিটি বিভাগে নারী উদ্যোক্তাদের অভিযোগ

৯ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫৬  

প্রায় সাড়ে ১৪ লাখ নারী উদ্যোক্তার ফেসবুক গ্রুপভিত্তিক ই-কমার্স ও এফ-কমার্স নারীদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) নিয়ে অভিযোগ ও অসন্তোষ জানিয়েছে প্লাটফর্মটিতে যুক্ত একটি গ্রুপ। অনলাইনের ঘোষণা দিয়ে সোমবার আইসিটি টাওয়ারের সামনে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন ২৫ জনের মতো বিক্ষুব্ধ নারী উদ্যোক্তা।

 ‘বৈষম্যবিরোধী ই-কমার্স এবং এফ-কমার্স নারী উদ্যোক্তা’ ব্যানারে তারা ট্রাস্টটির প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশার বিরুদ্ধে ১১টি অভিযোগ তুলে উদ্যোক্তা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। সংগঠনটি পরিচালনায় যুক্ত শীর্ষ পর্যায়ের উদ্যোক্তা ও ঢাকা জেলার আহ্বায়ক রাজিয়া মুনের নেতৃত্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের হাতে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

 স্মারকলিপিতে স্মারকলিপিতে বিভিন্ন সরকারি প্রশিক্ষণের নামে নিবন্ধন ও  উদ্যোগ বিষয়ক ‘মাস্টারক্লাস’ করানোর নামে চাঁদা আদায় নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে। দাবি করা হয়েছে, সাধারণ নারী উদ্যোক্তাদের মানসিক ও আর্থিক হয়রানি, ক্ষতি করার বিষয়। আইসিটি বিভাগের ব্যানারে উই সামিট, উই কালার ফেস্ট আয়োজন করে উদ্যোক্তাদের কাছ থেকে স্টলভাড়া বাবদ বিভিন্ন ফি সংগ্রহ; বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের জন্য চাপ প্রয়োগ এবং উদ্যোক্তা প্রতিনিধি পাঠানোর নাম করে অতিরিক্ত অর্থ আদায়ের কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। ওয়েব সাইট বানিয়ে দেয়ার নামে গ্র্যান্টের টাকা থেকে টাকা কেটে রাখার অভিযোগও করা হয়েছে এতে। অভিযোগে একইসঙ্গে ট্রাস্ট ও লিমিটেড নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী নারী উদ্যোক্তারা।

এ নিয়ে নাসিমা আক্তার নিশা বলেছেন, তাদের যে অভিযোগ সে বিষয়ে আমার সঙ্গে বসলে ভালো হয়। এগুলোর সমাধান হয়তো বা আমার কাছ থেকেই আসবে। আমি নিজেও জানতে চাই, তাদের কমপ্লেনগুলো কি? কারণ অনেকে বলছে, আমি নাকি আইসিটি থেকে কোটি কোটি টাকা এনেছি। প্রজেক্ট খেয়ে ফেলেছি। মাস্টার ক্লাসের ট্রেনিং- এ টাকা পেয়েছি। এসবই ভিত্তিহীন। আমিও চাই তদন্ত করুক। আইসিটি যেন আমাকে ডাকে। প্রশ্ন করে। আমিও জানতে চাই, আইসিটি থেকে আমি কোনো টাকা নিয়েছি কি না। আমি আমার কোম্পানি রেভারি করপোরেশন কিংবা উই লিমিটে কোথাও কোনো টাকা-পয়সা আইসিটি থেকে নেইনি। হারপাওয়ার প্রকল্প ছাড়া। এটাও পেয়েছি জয়েন্ট ভেঞ্চারে উই এর মাধ্যমে। এছাড়া আইসিটি’র সঙ্গে আমার কোনো টাকা-পয়সার লেনদেন নেই।

প্রসঙ্গত, উইয়ের ফেসবুক গ্রুপ চালু থাকলেও সংগঠনের ফেসবুক পেজ এখন বন্ধ রয়েছে।